দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে তারা পুনরায় চিকিৎসা সেবা কার্যক্রমে ফিরেছেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক তানভীর রেজা বলেন, মানবিক বিবেচনায় আমরা দুপুরের পর থেকেই কাজে ফিরেছি। আমাদের দাবির প্রেক্ষিতে প্রতিটি ইউনিটে তিনজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের একটি টহল টিম হাসপাতালের নিরাপত্তায় কাজ করবে।
তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন ইউনিটে নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টার্নদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩১ মে প্রতিবেদন জমা দেবে। এরপর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও বহিরাগত নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল ৯টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার। পটুয়াখালীর গলাচিপা থেকে জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মিজানুর রহমান (৪০)। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে স্বজনদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, যেখানে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইন্টার্নরা কর্মবিরতিতে যান। তবে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশাসনের আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন তারা।
জে আই